কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশের শাসনগাছা রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বাসিন্দা মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তার নাতি জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নিহত জোৎস্না বেগমের স্বজনদের সূত্রে জানা গেছে, চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে এসেছিলেন জোৎস্না বেগম। চিকিৎসা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে যাওয়ার পথে রেললাইন পার হতে গিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হন।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পরিদর্শক সোহরাব হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


