কড়াইল বস্তির আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) সভাপতি মো. মামুনুর রশিদকে সভাপতি করে গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা জোন-০২ এর উপসহকারী পরিচালক অতীশ চাকমা, ফায়ার সার্ভিসের তেজগাঁও জোনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার, ঢাকা-২৩ এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন এবং সদস্য সচিব হিসেবে সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
এর আগে মঙ্গলবার বিকাল ৫টা ১৯ মিনিটে আগুন লাগে ঢাকার অন্যতম বিস্তৃত এই বস্তিতে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রাতে সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। পুরোপুরি নিভতে সকাল হয়ে যায়।
রাতেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, যানজট ও সরু গলিপথের কারণে আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে।


