কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ সদর রাজার ছড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত ও পথচারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয় এবং পথচারী ও মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।
নিহত ব্যক্তির নাম হোসেন আহমদ (৩০)। মোটরসাইকেলে থাকা অপর আরোহীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ছাড়াও দুর্ঘটনায় আহত পথচারী রকিব উল্লাহ (১৩) টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ এবং আহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


