দেশের মানুষকে হত্যা-জুলুম করেছে আওয়ামী লীগ; জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এ দেশের মানুষ তাড়া করেছে বলেই হাসিনা পালিয়েছে। তিনি সন্ত্রাস দিয়ে টিকে থাকতে চান। ভারতে বসে দেশের মানুষের সম্পদ নষ্ট করলে তিনি কখনও দেশে ফিরতে পারবেন না।’
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জনগণকে সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, ‘একটা দল ইসলামের অপব্যাখ্যা দিয়ে ভোটের নামে জনগণের কাছে বেহেশতে যাওয়ার টিকেট বিক্রি করছে। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে।’
ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও কটাক্ষ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ভোট হলে তারা অস্তিত্ব সংকটে পড়বে, সে কারণেই ভয় পায় আর নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়।’
নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, ‘এলাকায় একজনও এনসিপি সমর্থক নেই। সে কারণেই তারা জামায়াতের সঙ্গে সুর মিলায়। তারা পিআর চায়, জনগণ সে পিআর বোঝে না।’
এনসিপি ও জামায়াতে ইসলামীর দাবি করা পিআর পদ্ধতি কেবল ‘ভোট পেছানোর ধান্ধা’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা শুধু যেসব প্রস্তাবে একমত সেগুলোর দায় নেব, অন্যকিছুর দায় নেব না।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে বিভিন্ন প্রস্তাবে একমত হয়েছেন। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না।’


