বরিশালের বাবুগঞ্জের ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।
সোমবার বিকালে উপজেলার নতুনহাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুইজনের মধ্যে একজন মো. শহিদুল ইসলাম (৪৮)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের হাসান হাওলাদারের ছেলে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বরিশালগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটিতে থাকা একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন এবং অটোরিকশার চালক ও আরও দুইজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের মাধ্যমে গৌরনদী স্বাস্থ্য কম্পেক্স নেওয়া হয়েছে। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।


