কুষ্টিয়ায় জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় শহর ও উপজেলার বিভিন্ন পেট্রলপাম্পে মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে জেলা তেল পাম্প মালিক সমিতি ও ব্যবসায়ীরা জানিয়েছেন, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই।
রোববার রাত ১০টার পর থেকে বিভিন্ন পাম্পে হঠাৎ ভিড় বাড়তে থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ে। এরপর মোটরসাইকেল চালকেরা বিভিন্ন পাম্পে ভিড় করেন। সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকে অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করেন।
পাম্পে তেল নিতে আসা শাহরিয়ার ইমন তুষার বলেন, প্রতিদিনের মতো তেল নিতে এসে দীর্ঘ লাইন দেখতে পান। তবে ভিড়ের কারণ সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।
আরেক গ্রাহক মিরাজুল ইসলাম বলেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া জেলার প্রায় সব পাম্পে মোটরসাইকেলের ভিড় বেড়ে যায়।
অ্যাম্বুলেন্সচালক সৌরভ বলেন, জরুরি রোগী নিয়ে তেল নিতে এসে দীর্ঘ অপেক্ষায় পড়তে হয়েছে। এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটিও হয়।
শহরের মন্ডল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রাকিবুজ্জামান সেতু বলেন, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। পুরো বিষয়টি গুজব। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
জেলা তেল পাম্প মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বলেন, একটি মহল গুজব ছড়িয়েছে। ডিপো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। স্বাভাবিক নিয়মে তেল সরবরাহ অব্যাহত থাকবে।


