একটি দলের ভোট ডাকাতির ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে সে বিষয়ে সতর্ক থাকতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘একটি দলের ষড়যন্ত্র অব্যাহত আছে, থামেনি। এখনো চলছে শেষ হয়নি। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক-ওদিক না করতে পারে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলার এটিম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপির প্রধান।
জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘গত ১৬ বছরে আপনারা মাঠে ঘাটে কোথাও ওদেরকে পেয়েছেন, আন্দোলন সংগ্রামে তাদেরকে পেয়েছেন? কোথাও ছিল না। ওই ভেতরে ভেতরে কিন্তু তাদের সঙ্গেই ছিল এরা। এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করছে বিভিন্ন রকম ‘
ভোটারদের ব্যালট বক্স পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘২০০৮ সালে কি হয়েছিল মনে আছে? ২০০৮ সালে কিন্তু ওই যে ম্যাজিক—এই আছে, এই নাই। একবার খালি বক্স দেখায়, আবার ভরা বক্স দেখাচ্ছে; মনে আছে তো। কাজেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে।’
ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছর আপনাদের এলাকার কোন উন্নতি হয়নি, গত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, গত ১৬ বছর বাংলাদেশের কোন উন্নয়ন হয়নি। হ্যাঁ ঢাকা শহরসহ কয়েকটি শহরে কিছু কিছু বড় বড় ফ্লাইওভার হয়েছে, কিছু কিছু বড় বড় দালান হয়েছে। মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে।’
বিএনপি গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই জেলা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই উপজেলা শহরের উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার নিশ্চিত করতে, আমরা চাই আমাদের নারীদের, মা-বোনদের স্বাবলম্বী করতে, আমাদের বেকার যুবক-তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আমরা চাই দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে যেখানে মানুষ নিরাপদে হাঁটাচলা করবে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করবে, রাতে নিরাপদে ঘরে যাতে ঘুমাতে পারে।’
নওগাঁয় রেললাইন স্থাপন, কৃষি পণ্যের সংরক্ষনের জন্য হিমাগার শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়াসহ বিভিন্ন দাবির পূরণ করতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
দুপুরে রাজশাহীতে মাদ্রাসা মাঠে সমাবেশ করে সড়কপথে সন্ধ্যায় ৬টা ১০ মিনিটে নওগাঁ যান তারেক রহমান। তিনি মঞ্চে উঠলে হাজার হাজার নেতা-কর্মী করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
নওগাঁ জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় নওগাঁর ৬টি আসনের প্রার্থী সামসুজ্জোহা, জাহেদুল ইসলাম ধলু, শেখ রেজাউল ইসলাম, একরামুল বারী টিপু, মোস্তাফিজুর রহমান এবং জয়পুর হাটের দুই প্রার্থী আব্দুল বারী ও মাসুদ রানা প্রধান বক্তব্য দেন।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা শাহীন শওকত, এএইচএম ওবায়দুর রহমান চন্দন, এম এ মতির, মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলর নাজমুল হাসানসহ জেলার অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
নওগাঁর নির্বাচনী সমাবেশ করে তারেক রহমানের গাড়িবহর রাত ৭টায় বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়।


