অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ এক ‘কুখ্যাত সন্ত্রাসী’কে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ ডিসেম্বর সকাল ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর গোপন আস্তানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।’
‘অভিযান চলাকালে ওই আস্তানা থেকে চারটি দেশীয় পিস্তল, দুটি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, আটটি তাজা কার্তুজ, তিনটি ফাঁকা কার্তুজ এবং সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
এ সময় মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয় বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, আটক আহসান উল্লাহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন।
জব্দ করা আগ্নেয়াস্ত্র ও আটক সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


