কুড়িগ্রামের রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য জাকির হোসেনকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটককৃত জাকির হোসেন দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানি-বাগের হাট এলাকার বাসিন্দা ও দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। এছাড়াও তিনি দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে পূর্ব কাউয়ারচর এলাকায় ওই প্রবাসীর বসতবাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে ঢোকেন জাকির হোসেন। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই নারীর চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে জাকির মেম্বারকে হাতেনাতে ধরে রশি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ওই নারী বলেন, ‘জাকির মেম্বার দীর্ঘদিন ধরেই আমাকে নানাভাবে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিলেন। গত রাতে তিনি জোরপূর্বক আমার ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢোকেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আমি চিৎকার করলে আশপাশের লোকজন আমাকে রক্ষা করে এবং তাকে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।’
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ‘ওই নারীর স্বামী আমাকে নিয়ে কিছু একটা বলেছিলেন। সেই বিষয়ে কথা বলার জন্য রাতে তারা আমাকে ডেকে নিয়েছিলেন। পরে পূর্বপরিকল্পিতভাবে আমাকে আটকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই নারীর সঙ্গে আমার কোনো (অনৈতিক) সম্পর্ক নেই।’
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী বলেন, ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার কাজ সম্পন্ন হলেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২২ সালের ১১ ফেব্রয়ারি রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের মৃত চাঁন মন্ডলের ছেলে শালু মিয়া অপহরণ ও গুমের ঘটনায় ওই বছরের ৩০ মে জাকির হোসেনকে ঢাকায় আটক করে পুলিশ। স্থানীয়দের দাবি, জাকির হোসেন এলাকায় একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে খুন, মাদক ব্যবসা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।


