রাজনীতিতে নীতি-নৈতিকতা ও সহনশীলতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘রাজনীতিতে যদি সহনশীলতা না থাকে, দ্বিমতের প্রতি সম্মান ও সহাবস্থান নিশ্চিত না হয়, তাহলে রাজনীতি বাংলাদেশকে কিছুই দিতে পারবে না।’
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল চট্টগ্রাম বিভাগ আয়োজিত ‘আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘ম0নোজগতের পরিবর্তন জেনারেশনের পরিবর্তনের চেয়েও গুরুত্বপূর্ণ। বিএনপি সেই জেনারেশন পরিবর্তনের ধারা ধারণ করে এগিয়ে যাচ্ছে। বিএনপি জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে।’
তিনি জানান, বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে, যা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে ছেলে ও মেয়েদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
আমীর খসরু বলেন, ‘প্রত্যেক সেক্টরে কত বিনিয়োগ করব, কত দিনের মধ্যে করব–সেটি আমরা পরিকল্পনা করে ফেলেছি। রাজনীতিবিদদের জবাবদিহিতার নতুন ধারা শুরু হয়েছে, বিএনপি সেই ধারা শুরু করেছে। এটা রাজনীতিতে খুবই জরুরি। সম্বোধন না করে সরাসরি বক্তব্য দেওয়ার সংস্কৃতি তৈরি করতে হবে। সম্বোধনে সময় নষ্ট হয়। নতুন বাংলাদেশের কথা বলব কিন্তু সবকিছু পুরনো নিয়মে চলবে—এটা কখনোই হতে পারে না।’
সেমিনারে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী ও হুম্মাম কাদের চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু ও নসরুল কাদির, ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার প্রমুখ।
এ সেমিনারে সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু)।


