শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সকালে শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রাত ১২টা ১ মিনিটে শহীদ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনা প্রসঙ্গে শহিদুর রহমান জানান, শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার পেরিমিটারভিত্তিক নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। পুরো এলাকা কয়েকটি সেক্টরে ভাগ করে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড স্ট্যান্ডবাই থাকবে। এছাড়া ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের কাছে নিরাপত্তাজনিত কোনো নির্দিষ্ট হুমকি নেই। তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
দেশব্যাপী কর্মসূচি প্রসঙ্গে র্যাব ডিজি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশেই বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচি ঘিরেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত দেড় বছরে ভঙ্গুর পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করেছে। ভবিষ্যতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আন্দোলন বা দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন র্যাব মহাপরিচালক। তিনি বলেন, ‘আমরা চাই এ দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করুক। তাদের স্বাভাবিক জীবনযাপনে যেন কোনো বাধা না আসে, সেদিকে আমরা সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখব।’


