বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে গত মঙ্গলবার মারা যান মাইলাম। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বর্ষীয়ান এই কূটনীতিকের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল মন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে মাইলামের গভীর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল। ১৯৬২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেওয়া এ পেশাদার কূটনীতিক ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তার নিষ্ঠাবান নেতৃত্ব ও সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্র–বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল।
বাংলাদেশে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর হাজারো মানুষের জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘অপারেশন সি অ্যাঞ্জেল’ সংগঠনে তার অবদান স্মৃতি হয়ে থাকবে বলেও জানান মির্জা ফখরুল।
উইলিয়াম বি মাইলামের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে শোকবার্তায় আরও বলা হয়, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে মাইলাম কাজ করে গেছেন। এ কূটনীতিক চলতি বছরের মার্চ মাসেও ঢাকা সফর করেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ নিয়ে দীর্ঘদিনের এক অভিজ্ঞ ও পরিচিত কূটনীতিকের জীবনাবসান হলো।
যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে জানা গেছে, অবসরের পরে উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্রভিত্তিক মতামতধর্মী ত্রৈমাসিক সাময়িকী সাউথ এশিয়া পার্সপেকটিভসের সম্পাদক ছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’–এর প্রেসিডেন্ট ছিলেন তিনি। এছাড়া, ওয়াশিংটন ডিসিভিত্তিক চিন্তনপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের সিনিয়র স্কলার ছিলেন উইলিয়াম বি মাইলাম।


