রমজান মাসে ছাত্রীদের সহায়তায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই চব্বিশ জাগরণী’ হল সংসদ। ‘ইফতার-ই-দস্তরখান’ শিরোনামে চালু হওয়া এই কর্মসূচির আওতায় মাত্র ১০ টাকায় ইফতার প্যাক সরবরাহ করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে হল গেইটের সামনে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত প্যাকেটে খেজুর, কলা, ছোলা, মুড়ি এবং বেগুনি অথবা পেঁয়াজু রাখা হয়। আয়োজকরা জানান, কর্মসূচিটি সব ছাত্রীদের জন্য উন্মুক্ত। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ চাইলে পরিচয় প্রকাশ না করে বিনামূল্যেও ইফতার নিতে পারবেন।
হল সংসদের ভিপি নাহদাতুন হাসানা বলেন, রমজানে একসঙ্গে ইফতারের পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই এ আয়োজন। প্রতিদিন ১০০ জনের জন্য ইফতার প্রস্তুতের পরিকল্পনা থাকলেও প্রথম দিনেই প্রত্যাশার চেয়ে বেশি শিক্ষার্থী উপস্থিত হন। ফলে সীমিত তহবিলের কারণে সবাইকে সেবা দেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় আপাতত একদিন পরপর কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রতিদিন বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে উপস্থিতির ক্রমানুসারে ১০০ জনকে ইফতার দেওয়া হবে। পর্যাপ্ত সহযোগিতা পেলে ভবিষ্যতে কর্মসূচির পরিধি বাড়ানো হতে পারে।
এক শিক্ষার্থী বলেন, স্বল্পমূল্যে ইফতার পাওয়ার এ সুযোগ অনেকের জন্য সহায়ক। এমন উদ্যোগ নিয়মিত হলে অধিক সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে।


