চাকরিতে দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দাবিতে ‘কলম বিসর্জন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার বিকাল সাড় তিনটায় শিক্ষকরা রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করবেন। সকালে শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ।
এর আগে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদে’র ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাধিক সংগঠন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়। এই কর্মসূচি পালনে শুক্রবার রাত থেকে সারা দেশ থেকে আসা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন ।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি টাইমস অব বাংলাদেশ’কে বলেন, মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। সহকারী শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডে বেতন-ভাতা পান। এই অর্থে জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে। সামাজিক সম্মানও প্রশ্নের মুখে পড়েছে।
তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পে কমিশনে আলোচনা হয়েছে। এটি প্রক্রিয়াধীন।
আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকরা জানান, সরকার যেন দ্রুত ১১তম গ্রেডের গেজেট দেয়, সেজন্য চাপ সৃষ্টি করতেই দশম গ্রেডের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি করলেই শিক্ষকরা খুশি মনে শ্রেণিকক্ষে ফিরে যাবেন।


