প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা বাগেরহাটের এক মোটরসাইকেল চালককে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ ঘটনায় একটি রুল জারি করেছে।
রোববার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।
নিখোঁজ ব্যক্তি, বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা মিরাজ শেখের বাবা মোস্তফা শেখ গত ২২ জুন রিটটি দায়ের করেন। আবেদনে স্বরাষ্ট্র সচিব, কোস্ট গার্ডের মহাপরিচালকসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। তিনি সাংবাদিকদের জানান, আদালত মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছে।
জানা গেছে, গত ১০ এপ্রিল মোংলা উপজেলার জয়মনি ঠাটার একটি চায়ের দোকান থেকে সিভিল পোশাক পরিহিত দুই ব্যক্তি, যাদের কোস্ট গার্ডের সদস্য বলে অভিযোগ করা হয়েছে, মিরাজ শেখকে নিয়ে যান। পরে তাকে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নেওয়া হয়।
পরবর্তী সময়ে একটি কোস্ট গার্ডের স্পিডবোটে সাত থেকে আটজন ইউনিফর্ম পরিহিত সদস্য পন্টুনে এসে মিরাজ শেখের ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে তাকে বোটে করে নিয়ে যান।
পরিবারের দাবি অনুযায়ী, ঘটনার পর তারা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে এবং ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করেন। পন্টুনে কর্মরত কোস্ট গার্ডের একজন সদস্য পরিবারকে জানিয়েছিলেন, মিরাজ তাদের হেফাজতে আছেন এবং দুই থেকে তিন দিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে পরে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে জানানো হয়, মিরাজ শেখ নামে কাউকে আটক করা হয়নি।
আইনজীবী জানান, ঘটনার পর থেকে আজ পর্যন্ত মিরাজ শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হয়েছে বলে পরিবারকে জানানো হয়নি।
এই পরিস্থিতিতে নিখোঁজ ছেলেকে উদ্ধারের লক্ষ্যে মোস্তফা শেখ ২২ জুন হাইকোর্টে রিট আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে হাজির করার নির্দেশ এবং রুল জারি করে।


