দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। এই দফায় সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা। সে হিসেবে স্বর্ণের ভরি দাঁদিয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা।
যা দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড।
সোমবার থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এক সপ্তাহ আগেই বাজুস এই মানের স্বর্ণের দাম ভরি প্রতি দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করেছিল।
এর আগে গত ১৯ অক্টোবর সবশেষ স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছিল।
নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৪৮ হাজার ৬০০ টাকায়।
তবে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
২২ ক্যারেট মানের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়।


