ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারী ফয়সাল ভারতে পালিয়ে গেছে কিনা তা পুলিশ নিশ্চিত নয় বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
তিনি বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।
রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
তিনি জানান, এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, অপরাধীরা নিজের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেয় না। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, খুনিকে ধরতে অভিযান অব্যাহত আছে। এখন পর্যন্ত মোট ১০ জন গ্রেপ্তার হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় যাদের নাম উঠে আসছে, তাদের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে।


