ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়।
এদিন বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। গত ১২ ডিসেম্বর রাজধানী ঢাকার বিজয়নগর কালভার্ট রোডে আততায়ীর গুলিতে তিনি গুরুতর আহত হন। এরপর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রোববার শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাঁর উন্নত চিকিৎসার জন্য সরকার গত দুই দিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সাথে যোগাযোগ করেছে।
গতকাল এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ওসমান হাদির শারীরিক অবস্থা পর্যালোচনা করে। এরপর তাদের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনার ভিত্তিতে বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, ওসমান হাদির শারীরিক অবস্থা আপাতত অপরিবর্তিত রয়েছে।


