এসএসসি, এইচএসসির সিলেবাস-পরীক্ষায় সংস্কার আসছে: শিক্ষামন্ত্রী 

এসএসসি, এইচএসসির সিলেবাস-পরীক্ষায় সংস্কার আসছে: শিক্ষামন্ত্রী 
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) শিক্ষার্থীদের সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের সেশনজটমুক্ত শিক্ষাজীবন নিশ্চিতে সরকার কাজ করছে।

বুধবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘’তোমাদের এসএসসি পাস করতে ১০ বছরের স্কুল জীবন যেন ১০ বছরই থাকে, শিক্ষাজীবন শুরুর ১২ বছরের মধ্যেই যেন তোমরা এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে পার- সেটি নিশ্চিত করতে কাজ করছি।’

নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি ও এইচএসসির সিলেবাস শেষ করে কীভাবে সময়মতো পরীক্ষা শেষ করা যায় সেই বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে বলেও জানান এহছানুল হক মিলন।

আরও পড়ুন

‘শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য বর্তমান পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন আছে’ উল্লেখ করে মন্ত্রী জানান, এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার সিলেবাস আপডেট করার পরিকল্পনা করছে।

এ সময় রেসিডেনসিয়াল কলেজকে ‘নেট জিরো ক্যাম্পাস’ গঠনের উদ্যোগে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেলের’ একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তির বিষয়ে রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন বলেন, ‘এই চুক্তি বাস্তবায়ন হলে বিদ্যুতের ব্যবহার আগের থেকে ৩০-৩৫ শতাংশ হ্রাস পাবে। টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ৬০০ ওয়াট বিদুৎ উৎপাদনের এই প্রকল্প অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad