স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছেন মো. বেলাল হোসেন। বুধবার স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে তিনি প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হন।
এর আগে, মো. বেলাল হোসেন তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী গ্রেড-২ হিসেবে পদোন্নতি পান। বৃহস্পতিবার এক সংবাত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. বেলাল হোসেন ১৯৯২ সালের ২৮ নভেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগ দেন। তিনি উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ৩১ অক্টোবর তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি সংস্থার মানবসম্পদ ব্যবস্থাপনা ও মাঠভিত্তিক অভিজ্ঞতার আলোকে সৃজনশীল কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করেন। পরে, ২০২৫ সালের ১২ অক্টোবর তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে এলজিইডির সদর দপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশ শাখার দায়িত্ব নেন। এ সময় কর্মকর্তা ও কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন, কাজের গুণগত মান বজায় রাখা এবং টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি ও পরিকল্পনার আলোকে পরিবেশ সুরক্ষার মাধ্যমে সংস্থার কর্মসূচি বাস্তবায়নে কাজ করে চলেছেন।
মো. বেলাল হোসেন ১৯৮৯ সালে বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমান রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি–রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি পরিবেশ, সরকারি ক্রয়, সার্ভিস রুলস, মাননিয়ন্ত্রণ, সড়ক রক্ষণাবেক্ষণ, জিআইএস, দারিদ্র্য বিমোচন ও অংশগ্রহণমূলক পানিসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
মো. বেলাল হোসেন ১৯৬৭ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাগরাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. রুহুল আমিন এবং মা মোছা. ফিজলাতুন্নাহার।


