যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আগামী সপ্তাহের আগেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তান।
ইসলামাবাদে দুই পক্ষের শান্তি আলোচনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের আগেই দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারেন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা।
নাম প্রকাশ না করার শর্তে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, সাম্প্রিতক সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
তাদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের দুটি ভারী সামরিক পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার এরইমধ্যে ইসলামাবাদের কাছাকাছি রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে। বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোনে যাওয়ার সড়কগুলোও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে প্রথম বৈঠকের আগে পাকিস্তানের পক্ষ থেকে যে ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল, ফের তা অনুসরণ করা হচ্ছে।
এ ছাড়া, কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না।
গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনাটি ইসলামাবাদের সেরেনা হোটেলেই অনুষ্ঠিত হয়েছিল।


