২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে পুলিশ হত্যার কোনো বিচার হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনগত সুরক্ষা দেওয়া হয়েছে। জুলাই সনদেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিএনপি জুলাই সনদে সাক্ষর করেছে। তাই বর্তমান সরকার জুলাই সনদের আলোকেই সকল ব্যবস্থা নেবে।
আরেক প্রসঙ্গে মন্ত্রী জানান, চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণকারীদের চিহ্নিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৩ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সশস্ত্র বাহিনী নানা কারণে আর মাঠে থাকতে চায় না। তবে তারা কত দিন মাঠে থাকবে সেটা সরকারের সিদ্ধান্তের বিষয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


