বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক পদে অধ্যাপক এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের সময় উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এবিএম আবদুল্লাহ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া বিধিবহির্ভূত হওয়ায় তা অনুমোদনযোগ্য নয়। এ কারণে ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তার ইমেরিটাস অধ্যাপক পদে আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই সভার তারিখ থেকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এবিএম আবদুল্লাহ দেশের একজন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এবিএম আবদুল্লাহ বলেন, তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সঙ্গে অন্যায় করেছে। তিনি বলেন, প্রায় ৫০ বছর চিকিৎসাসেবা দেওয়ার পর জীবনের শেষ সময়ে এসে এমন সিদ্ধান্ত তিনি প্রত্যাশা করেননি। এছাড়া এ সিদ্ধান্তের পেছনের কারণও তার জানা নেই।


