নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মামলার নথি উদ্ধার করা হয়।
শনিবার দুপুর ১টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে ওই নথিগুলো হারিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকার বাসিন্দা এস এম আকাশ (২৬), জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ এবং তার ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ এবং রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা সবুজ (৪০)। পলাশ ও আরিফ সদর উপজেলার খয়রা বাদ এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ আমাকে গুরুত্বপূর্ণ মামোলার নথিগুলো হারিয়ে যাওয়ার কথা জানান। একটি অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে মামলার নথি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে আদালতের কর্মচারীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।’
তারিকুল জানান, অভিযোগ পাওয়ার পর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। তারা প্রথমে রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালান। পরে মূল চোরকে শনাক্ত করে সদর উপজেলার সিংবাচা বাজার এলাকা থেকে এসএম আকাশ নামে একজনকে গ্রেপ্তার কর হয়। তাকে জিজ্ঞেসাবাদ করা হলে খড়ের একটি পালা থেকে মামলার নথিগুলো বের করে দেয়। আকাশ এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের নাম জানালে অভিযান চালিয়ে তাদেরকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। আর কিছুদিন পরেই মামলাটির রায় ঘোষণা করা হবে। নথি চুরির পিছনে কী উদ্দেশ্য রয়েছে তা উদঘাটন করা হচ্ছে। তাদের সবার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।’


