সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা। বর্তমানে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানান সনিকা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টের সঙ্গে যুক্ত করেন একটি সাদা হৃদয়ের ইমোজিও।
জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ইয়র্ক হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।
২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়েই দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।
ডিজে মিউজিকে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা পান সনিকা। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। ২০১৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’।
সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে সনিকাকে। ২০১৫ সালে অভিনয়ে নাম লেখিয়ে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।


