এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল
ফিলিস্তিনের পতাকা। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

এবার ফিলিস্তিনকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল।

জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের খবরে একথা জানানো হয়েছে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রী পাউলো র‌্যানজেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়ে বলেন, টেকসই শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জানায় তার দেশ।

দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, হামাসেরও গাজার ওপর বা এর বাইরে কোন নিয়ন্ত্রণ থাকা যাবে না।

তবে ফিলিস্তিনের এ স্বীকৃতি যে গাজার মানবিক সংকট কমাবে না তা স্বীকার করেন তিনি। সব বন্দীদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার পর্যায়ক্রমে এই তিনটি দেশ স্বীকৃতির ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে শিল্পোন্নত (জি–সেভেন) সাত দেশের মধ্যে যুক্তরাজ্য ও কানাডা প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

আরও পড়ুন

যদিও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের জন্য বিপদ ডেকে আনবে।’

প্রথমে কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, ‘আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

একই সঙ্গে তিনি ফিলিস্তিন ও ইসরায়েল—দুটি রাষ্ট্রের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন।

ইসরায়েলি হামলার পর গাজা উপত্যকার পশ্চিম জাবালিয়ায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ফাইল ফটো: সিনহুয়া

এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দেন, তার দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি উল্লেখ করেন, ‘এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অংয়ের স্বাক্ষরিত এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে ভয়াবহতা বাড়তে থাকার মুখে আমরা দ্বিরাষ্ট্রীয় সমাধান ও শান্তির সম্ভাবনাকে জাগিয়ে রাখতে কাজ করছি। এর অর্থ একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল, যার কোনোটি এই মুহূর্তে আমরা দেখছি না।’

এ ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়াল ১৫১টিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad