প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনয়নে উৎসাহিত করতে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে প্রণীত এ নীতিমালার মাধ্যমে প্রণোদনা প্রদানের আওতায় প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিকদের এফডিআই আনয়নে অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়।
এ ছাড়া বৈঠকে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে আনা এ সংশোধনের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক মুনাফাভিত্তিক (ফর-প্রফিট) অথবা অ-মুনাফাভিত্তিক (নট-ফর-প্রফিট) কোম্পানি বা সংগঠন গঠন এবং এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের বিধান অন্তর্ভুক্ত করা হচ্ছে। এজন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন
বৈঠকের শুরুতেই জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।


