পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতাসংকট দূর, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ছয়টায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে ৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, ‘রান ফর পদ্মা মিনি ম্যারাথন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। আমাদের সম্মিলিত সচেতনতা, দায়িত্ববোধ ও উদ্যোগই পারে পদ্মাসহ দেশের সব নদ-নদীকে সুরক্ষিত রাখতে। আসুন, আমরা সবাই নদী রক্ষায় এগিয়ে আসি।
ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে নারীসহ বিভিন্ন বয়সী অন্তত ৫০০ মানুষ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালি সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন ও আহ্বায়ক জুলফিকার আলী হায়দার।


