কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।
রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়। পরে সকাল সাড়ে আটটায় শুরু হয় ইভিএম গণনা।
ভোট গণনাকে ঘিরে বিভিন্ন কেন্দ্রের সামনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। কলকাতাতে বিভিন্ন গণনাকেন্দ্রের বাইরে ১৬৩ ধারা জারি রয়েছে। ভোর ৫টা থেকে শুরু হওয়া এই ১৬৩ ধারা যতক্ষণ গণনা চলবে, তত ক্ষণ জারি থাকবে।
এদিকে বনগাঁর স্বরূপনগরে গণনাকেন্দ্রে প্রার্থী এবং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল।
পশ্চিমবঙ্গে দুই দফার এই বিধানসভা নির্বাচন গত ২৯ এপ্রিল শেষ হয়েছে। কিন্তু ফল গণনার দুই দিন আগে ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ১৫ কেন্দ্রে আবার ভোটগ্রহণ করা হয় ২ মে।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে- এবার রাজ্যে রেকর্ডসংখ্যক প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা প্রায় ছয় কোটি ৮১ লাখ। প্রথম দফায় গত ২৩ এপ্রিল প্রায় ৯৩ শতাংশ এবং দ্বিতীয় দফায় প্রায় ৯১ শতাংশ ভোটার ভোট দেন।


