বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও তার দল কখনোই গঠনমূলক বা সুস্থ চিন্তা করতে পারে না।
সম্প্রতি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত জামায়াত আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের মন্তব্য দেশে বিভেদ ও ধুম্রজাল তৈরির একটি অপপ্রয়াস মাত্র।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন দেশি-বিদেশি পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে স্বীকৃত।
এই নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি ২১৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। জনগণের এই রায়কে বিতর্কিত করার চেষ্টা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস দেশবাসীর জানা এবং জনগণ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে। ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশে গণতন্ত্র যখন প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, তখন একটি মহল আবারও স্বৈরাচারী শাসন ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আগামীতে জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবিলা ও নির্মূল করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন বিএনপি মহাসচিব।
একই সংবাদ সম্মেলনে তিনি আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। নয়াপল্টনে অনুষ্ঠেয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।


