নারায়ণগঞ্জে রায়হান খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে ফতুল্লা থানার নাগবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের বাড়ি চাঁদপুর জেলার বহারিয়া বাজারে। রায়হান মৃত বিল্লাল খানের ছেলে। তিনি ফতুল্লার তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল রায়হান। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িতদের সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।


