আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সেদিন সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রে এই ফল প্রকাশ করা হবে। একই সময় থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।
সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নার এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এছাড়া সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে।


