ঈদযাত্রার প্রথম তিনদিনে যাত্রী পারাপার ও টোল আদায়ে রেকর্ড করেছে দেশের অন্যতম দুই সেতু পদ্মা ও যমুনা।
গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনে পদ্মা সেতু দিয়ে পার হয়েছে এক লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন। যার মাধ্যমে টোল আদায় করা হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০টাকা। ঠিক এক বছর আগে একই সময়ে পার হয়েছিল এক লাখ ৮০২টি যানবাহন, যার মাধ্যমে টোল আদায় হয়েছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
অর্থাত, যানবাহন পারাপার ও টোল আদায়, দুই ক্ষেত্রেই এ বছর রেকর্ড করেছে পদ্মাসেতু।
শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
অন্যদিকে গত বুধবার যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার করেছে। যা ২০২৫ সালে ছিল ৪৮ হাজার ৩৬৮টি। বুধবার একদিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয়েছে তিন কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। গত বছরের সর্বোচ্চ টোল আদায় ছিল ছিল তিন কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট দেখা যায়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন হিসেবেও সেখানে উল্লেখ করা হয়েছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ` প্রধানমন্ত্রী দেশের মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীও আসন্ন ঈদযাত্রা নিয়ে অত্যন্ত সজাগ এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছেন।‘


