প্রতি বছরের মতো এবারও উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ ও উদীচী স্কুল অব আর্টস অ্যান্ড কালচার উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।
বৃহস্পতিবার টরোন্টোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোগিতার বিষয় ছিল–সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, একক অভিনয়, তবলা, চিত্রাঙ্কন ও গণসংগীত রচনা।
আগামী রোববার বিকাল সাড়ে ৫টায় হোপ ইউনাইটেড চার্চে হবে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং গুণীজন সংবর্ধনা।
আয়োজনকে সফল ও প্রাণবন্ত করতে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রয়াসে সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ।


