দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি ও তরুণদের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে কোরবানির ঈদে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা আকাশ হক।
সিনেমাটিতে তুলে ধরা হয়েছে ক্যাম্পাস জীবনের নানা বাস্তবতা, অসুস্থ ছাত্ররাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব ও আদর্শিক সংঘাতের গল্প। ছবিটির প্রযোজনাও করেছেন নির্মাতা আকাশ হক নিজেই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা।
সিনেমাটি নিয়ে আকাশ হক বলেন, ‘ছাত্ররাজনীতির ভেতরের অনেক বাস্তব চিত্র আমরা জানি, কিন্তু কাছ থেকে দেখি না। সেই অন্দরমহলের গল্পই বাস্তবতার ভিত্তিতে তুলে ধরার চেষ্টা করেছি এই সিনেমায়।’
ঈদে মুক্তির সিদ্ধান্ত প্রসঙ্গে নির্মাতা জানান, উৎসবের সময় দর্শকদের সিনেমা হলে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তাই দর্শক উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখেই ঈদকে বেছে নেওয়া হয়েছে মুক্তির জন্য।
তবে একই সময়ে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় হল সংকট নিয়ে কিছুটা শঙ্কার কথাও জানিয়েছেন তিনি। এ বিষয়ে আকাশ হক বলেন, বিভিন্ন সিনেপ্লেক্সের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজনে বিকল্প উপায়েও সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি ও বিদেশি দূতাবাসগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটি অর্জন করে হীরালাল সেন পদক।


