শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সংলগ্ন মহান মুক্তিযুদ্ধে শহীদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নামফলক সংবলিত এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি রেহনুমা শেহরীন বলেন, ‘১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির চিন্তা ও বিবেককে স্তদ্ধ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ মনন, শিক্ষক, লেখক চিন্তক ও পেশাজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের এই শূণ্যতা আজও আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে গভীরভাবে অনুভূত হয়। তাই এই দিনে দাঁড়িয়ে, আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল বুদ্ধিজীবীদের।’


