আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার সাত দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। আর ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হলো। এর ফলে এবার কার্যত ছুটি হবে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন।


