আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়। এতে হাজারো ভক্ত খালি পায়ে বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে অংশ নেন।
মিছিলটি হোসাইনী দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, উর্দু রোড, লালবাগ চৌরাস্তা, আজিমপুর, নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে দুপুর আড়াইটায় শেষ হয়।
মিছিল ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগে থেকে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়। ডিএমপি কমিশনারের নির্দেশনায় মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠির মতো যেকোনো ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। পথজুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকায় মিছিলটি নির্বিঘ্নে শেষ হয়।
আশুরা মুসলিম বিশ্বে অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন। এ উপলক্ষে পুরান ঢাকার হোসাইনী দালান ও বড় কাটারা ইমামবাড়াসহ বিভিন্ন এলাকায় নানা শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।


