দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সাম্প্রতিক এক স্ট্যাটাসে অপঘাতে মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ ও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে বুলেট বৈরাগী-র মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি মানুষের জীবনের মূল্যবোধ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বক্তব্যে ফারিয়া লিখেছেন, দেশে অপঘাতে মৃত্যুর ঘটনাগুলো যেন ধীরে ধীরে ‘নিউ নর্মাল’-এ পরিণত হচ্ছে। কিছু সময় শোক, সামান্য আলোচনা কিংবা প্রতিবাদের পর সবকিছু আবার আগের মতো হয়ে যায়—এই প্রবণতা তাকে ভাবিয়ে তুলছে। তার মতে, এতে মানুষের জীবনের মূল্য কোথাও যেন হারিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার পরপরই সমাজ দ্রুত অন্য প্রসঙ্গে ব্যস্ত হয়ে পড়ে। কারও বিয়ে, বিচ্ছেদ বা তুচ্ছ বিষয় নিয়ে আলোচনায় ডুবে গিয়ে মানুষ একেকটি অসমাপ্ত জীবন আর ভেঙে যাওয়া পরিবারের কষ্ট ভুলে যায়।
তবে এই বাস্তবতা থেকে নিজেকেও পুরোপুরি আলাদা রাখতে পারছেন না বলে স্বীকার করেছেন তিনি। বিশেষ করে বুলেট বৈরাগীর স্ত্রীর কথা তার মনে গভীরভাবে দাগ কেটেছে। একজন নতুন মা হিসেবে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া তাকে নাড়া দিয়েছে।
ফারিয়ার ভাষায়, এক মুহূর্তেই জীবন কীভাবে বদলে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। যে মানুষটি ছিল ভালোবাসা, ভরসা ও ভবিষ্যতের প্রতীক, সে হঠাৎ করেই স্মৃতিতে পরিণত হয়েছে। এখন সেই পরিবারের দায়িত্ব এসে পড়েছে তার স্ত্রীর কাঁধে—সন্তান থেকে শুরু করে শ্বশুর-শাশুড়ির দায়িত্বও তাকেই নিতে হচ্ছে।
জীবনের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সকালে ঘর থেকে বের হওয়া মানুষ সন্ধ্যায় ফিরবে—এই নিশ্চয়তাটুকুও যেন আজ আর নেই।
সবশেষে তিনি বলেন, শুধু সরকার পরিবর্তন করলেই হবে না; মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। রাস্তায় বের হয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা না থাকলে প্রকৃত অর্থে কোনো পরিবর্তনই আসবে না।


