দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। বুধবার থেকে এ দাম কার্যকর হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত সোমবারও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। যা তখন পর্যন্ত ছিল দেশের সর্বোচ্চ মূল্য।
সেই সময় ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
চলতি বছরজুড়ে স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত রয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৬ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। আগের বছর এই সংখ্যা ছিল যথাক্রমে ৩৫ ও ২৭ বার।


