বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে কাকতাড়ুয়া জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী কাকতাড়ুয়া পোড়ানো হয়।
শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি, বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির পক্ষে পরিচালিত কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন অবিলম্বে করতে হবে। তা না হলে, পলিটেকনিক শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে।
এর আগে, বুধবার দুপুরে ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড়ে প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ করে কারিগরি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এ সময় অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালনসহ ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচির’ ঘোষণা দেওয়া হয় সেখান থেকে।
ঢাকার বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।


