নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগে রমজান মাসেই ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সম্মানীর পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়া।
‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করা হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে,’ যোগ করেন তিনি।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি তার তৃতীয় কর্মদিবস।
তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে একাধিক দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি সংশ্লিষ্টদের ব্রিফ করেন এবং পুরোনো কর্মজীবীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা নীতিগত বিষয়েও আলোচনা করেছেন বলে জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


