কারবন্দি হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (৭৫) মারা গেছেন।
সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক জানান, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে সোমবার সকাল ৮টা ১০ মিনিটে মারা যান নুরুল মজিদ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে আনার পর মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন নুরুল মজিদ। এরপর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করানো হয়।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


