বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউশন (আইআরআই) প্রতিনিধিদল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক হয়।
বৈঠকে ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শন, সাংগঠনিক কাঠামো, চলমান কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, সংসদ সদস্য প্রার্থিতা নির্ধারণ প্রক্রিয়া, নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং তরুণদের সম্পৃক্ততা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধিদল ইসলামী আন্দোলনের আসনভিত্তিক সমঝোতার চলমান প্রচেষ্টা এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও সহযোগিতা প্রক্রিয়া সম্পর্কেও অবহিত হন। বৈঠকে তারা দলের রাজনৈতিক অগ্রগতি, স্বচ্ছতা ও সংগঠনগত শৃঙ্খলার প্রশংসা করেন।
ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক বেলেল নুর আজিজি, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল এবং আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব রাজন সিকদার।
আইআরআই প্রতিনিধিদলে ছিলেন সংস্থার বোর্ড অব ডিরেক্টর ক্রিস্টোফার জে. ফাসনার, সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া বিশেষজ্ঞ জেসিকা কিগান, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউশনের প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, আইআরআইয়ের রাজনৈতিক দল ও প্রচারাভিযান পরামর্শক জন ফ্লুহার্টি, পরামর্শক ড্যারিন বিইলেকি এবং প্রোগ্রাম পরামর্শক অমিতাভ ঘোষ।


