ইরানের জনগণকে কোনো ধরনের ট্রেন ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) ইরানের রেল যোগাযোগ অবকাঠামোগুলোতে হামলার হুমকি দিয়ে এই সতর্ক বার্তা জারি করেছে।
ইরানের সাধারণ জনগণের উদ্দেশে মঙ্গলবার আইডিএফের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে ফরাসি ভাষার চ্যানেল থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে ইরানজুড়ে “আজ রাত ৯টা পর্যন্ত” ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকুন।’
এতে আরও বলা হয়, ‘ট্রেনে বা রেললাইনের আশপাশে অবস্থান করাও আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। রেল যোগাযোগের যেকোন অবকাঠামো পরিহার করুন।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবাধে নৌযান চলাচলের অনুমতি দিতে ইরানকে মঙ্গলবার রাত পর্যন্ত সময় বেধে দেন। নতুন এই আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে অবাধ চলাচলের অনুমতি না দিলে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হবে।’
‘এক রাতের মধ্যেই ইরানকে ধ্বংস করা সম্ভব’ দাবি করে তিনি বলেন, ‘সেই রাত হয়তো মঙ্গলবারই হতে পারে।’
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা তেহরানের শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে রাতভর বিমান হামলা চালিয়েছে এবং লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কয়েক সদস্যকে হত্যা করেছে।


