বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত হলো ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ শীর্ষক দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও আলোচনা অনুষ্ঠান।
প্রতিমন্ত্রী, রাষ্ট্রদূত ও কূটনীতিকদের অংশগ্রহণে ১৮ এপ্রিল আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের নববর্ষ উদযাপনের বৈচিত্র্যময় ঐতিহ্যকে একত্রিত করে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা, তাৎপর্যপূর্ণ আলোচনা এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি তার বক্তব্যে বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে উপস্থাপনের পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য সামসাদ মর্তুজা। তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমে এমন উদ্যোগ নতুন প্রজন্মকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করবে।
আয়োজনটির পটভূমি ও লক্ষ্য তুলে ধরেন কায়সার হামিদুল হক, পিএইচডি। উদ্বোধনী পর্ব শেষে ইউল্যাবের উপ-উপাচার্য জুড উইলিয়াম হেনিলো সবাইকে ধন্যবাদ জানান।
মূল আলোচনা অধিবেশনে নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারী এবং বিভিন্ন দেশের কূটনৈতিকরা অংশগ্রহণ করেন। তারা ইউল্যাবের এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের আন্তঃসাংস্কৃতিক সংযোগ আরও দৃঢ় হবে বলে মতামত ব্যক্ত করেন। একই অধিবেশনে খ্যাতিমান সঙ্গীতশিল্পী-গীতিকার ও লেখক মৌসুমী ভৌমিকও উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউল্যাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে ‘সীমানা পেরিয়ে পঞ্জিকা ও উৎসব’ শীর্ষক সমাপনী আলোচনার মাধ্যমে।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ, চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়, দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা এবং গবেষক ও লেখক পাভেল পার্থ। এ আয়োজনের মাধ্যমে বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন অঞ্চলের মানুষের পারস্পরিক সংযোগ তুলে ধরা হয়।


