স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ধারা ৭, ৮ ও ৯ কেন অসংবিধানিক, বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
রোববার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. বজলুর রহমান এবং বিচারপতি উর্মী রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া।
২০২৪ সালের ৪ জুলাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪ প্রণীত হয়। এই আইনের ৭ ধারায় আছে, কোন এলাকাকে ইউনিয়ন ঘোষণার বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এর কার্যাবলি সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে এবং নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবেন। তবে শর্ত হলো উপধারা (১)-এর অধীন নিযুক্ত প্রশাসক কেবলমাত্র এক মেয়াদে ১২০ দিনের জন্য নিযুক্ত হবেন। কোনো দৈব-দুর্বিপাক, অতিমারি, মহামারি, ইত্যাদি বিশেষ ক্ষেত্রে সরকার উক্ত মেয়াদ যৌক্তিক সময় বৃদ্ধি করিতে পারবে। রিটে এই বিধানকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করা হয়।


