প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার অভিযোগ করেছেন, আগের আওয়ামী লীগ সরকারের সময় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তথ্য ‘টেম্পারিং’ করা হয়েছিল, যার প্রভাব এখন পড়েছে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০২০ সালের ডিসেম্বর ও ২০২১ সালের জানুয়ারির দিকে একটি হাম-রুবেলা ক্যাম্পেইন হয়েছিল। তখন ছিল কোভিডকালীন সময়। আমরা যে ডেটাগুলো দেখছি, সেই সময় যে সরকার দায়িত্বে ছিল তারা ডেটা টেম্পারিংয়ে সাংঘাতিক ওস্তাদ ছিল। বিভিন্ন রকম ডেটা টেম্পারিং তারা করেছে।’
তিনি আরও বলেন, ‘ওই সময় যে মিজলস কভারেজের ডেটা, আমি অন্তত এইটুকু বলতে পারি যে এই ডেটা সঠিক না। তখন মিজলসের যে কাভারেজ হওয়া উচিত ছিল সেটা হয়নি।’
জিয়াউদ্দিন বলেন, চার বছর পর পর হওয়ার কথা থাকা হাম-রুবেলা ক্যাম্পেইনের পরবর্তী রাউন্ড ২০২৪-২৫ সালে হয়নি। ‘বিভিন্ন কারণে সরকারের দুর্বলতা, অদক্ষতা এবং ভবিষ্যৎ চিন্তা না করার কারণে সেই রাউন্ড একেবারেই হয়নি। যার ফলে আজকে আমরা এই ডিজাস্টারের মধ্যে জাতিগতভাবে পড়েছি।’
তিনি বলেন, বিশ্বব্যাপীও হাম সংক্রমণ বেড়েছে। ‘২০২০ সালকে বেজলাইন ধরলে ৫৩টি দেশে গড়ে ১৮ শতাংশ মিজলসের প্রিভেলেন্স বেড়েছে। বাংলাদেশেও কিছুটা বেড়েছে। কিন্তু যে প্রাদুর্ভাব, মৃত্যু ও ভোগান্তি আমরা দেখলাম, সেটা মূলত আগের কারণগুলোর জন্য।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে প্রায় ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা গেছে।
তিনি বলেন, ‘আমাদের টার্গেট ছিল এক কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনা। আমরা সেই লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
সংক্রমণপ্রবণ ৩০ উপজেলা ও ১৩ পৌরসভায় ৫ এপ্রিল শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনের পর সেখানে সংক্রমণ ‘উল্লেখযোগ্যভাবে’ কমেছে, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, হাম-রুবেলা টিকা নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। ‘আমরা আশাবাদী যে শিগগিরই সংক্রমণ কমে আসবে।’
হাম আক্রান্ত শিশুদের জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি নিউমোনিয়া কমপ্লিকেশন নিয়ে অনেক শিশুকে হারাচ্ছি। শুধু নিউমোনিয়া না, এর সঙ্গে আরও অনেক ব্যাধি যুক্ত হচ্ছে।’
তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ও শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া নতুন ভেন্টিলেটরও সরবরাহ করা হচ্ছে।


