সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে বনদস্যুদের হাতে অপহৃত ১০ জেলের মধ্যে ছয়জন জেলে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে অপহৃত আনারুল, ইমরান ও সুশান্ত এবং এর এক দিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম তাদের নিজ নিজ বাড়িতে ফিরে আসেন।
এর আগে গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে তাদের অপহরণ করা হয় বলে ফিরে আসা জেলেরা জানান।
ফিরে আসা জেলে ও তাদের স্বজনরা জানান, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত ও ইমরানের কাছ থেকে মাথাপিছু ৩৫ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে বনদস্যুরা। এ ছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুনতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোনো খোঁজ মেলেনি।
মুক্তি পাওয়া জেলেরা জানান, বনদস্যু ডন বাহিনী ও আলিফ ওরফে আলিম বাহিনীর পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে।
জেলে সাদ্দাম হোসেন জানান, তিনি ৪০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে ইউনুস আলী ও সাইফুল গাইনও ফিরে এসেছেন।
ভুক্তভোগীরা আরও জানান, তারা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মাছ ও কাঁকড়া আহরণের উদ্দেশ্যে বনে প্রবেশ করেছিলেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। দস্যুরা টার্গেট করে তাদের ধরে নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, ভুক্তোভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদের এখনো কিছু জানানো হয়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ধরনের ঘটনায় জেলেরা অনেক সময় নিজেদের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। অপহৃতদের জীবনের ঝুঁকির কারণে তারা পুলিশকে তথ্য দিতে চান না। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।


