দুই বছরের চুক্তিতে আইসিসির কয়েকবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টফেলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে ও আম্পায়ার ট্রেইনার তৈরি করতেই দুই বছরের জন্য আনা হচ্ছে তাকে। বিসিবির একটি সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন সাবেক এই অস্ট্রেলিয়ান আম্পায়ার। যদিও বেশ চুক্তির আর্থিক দিক থেকে জটিলতার কথাও শোনা গিয়েছিল।
ঢাকা পৌঁছানোর পরদিন বিসিবির সঙ্গে নিজের কর্মপন্থা নিয়ে বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনা সারবেন টফেল। কবে নাগাদ পুরোদমে কাজ শুরু করবেন, টিমে কতজন থাকবে; সবই নির্ধারিত হবে সেই আলোচনার পর, এমনটাই জানিয়েছে বিসিবির সংশ্লিষ্ট একটি সূত্র।
এর আগে গত ৩০ জুন বিসিবির তৃতীয় বোর্ড সভা শেষে আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, কোচিং ও আম্পায়ার্স এডুকেশন উইংয়ের অধীনে টফেলকে নিয়োগ দিচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে বিসিবির এই পরিচালক বলেন, ‘গত ৪-৫ মাস ধরে সাইমন টফেলের সঙ্গে যোগাযোগ করছি। এটা এখন এপ্রুভ করা হয়েছে। আম্পায়ারিংয়ের বিভিন্ন প্রোগ্রাম শুরু করা হবে। টফেলের অধীনে এটা করব। তিন বছরের চুক্তি তার সঙ্গে। টফেলের টিম আসবে পুরো প্রোগ্রাম সাজিয়ে কাজ করতে।’
এরপর সিলেটে ভার্চুয়াল বোর্ড সভা শেষে গত ১ সেপ্টেম্বর বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম নিশ্চিত করেন টফেলের নিয়োগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির এই সহ-সভাপতি বলেন, ‘সাইমন টফেল, আম্পায়ারিং বিভাগের মূখ্য ভূমিকায় আসছেন। দুই বছরের জন্য। ম্যাচ রেফারি, আম্পায়ার সবার এসেসমেন্ট, গ্রেডিং করবে। লোকাল কিছু টেকনিক্যাল লোকজনকে পাশে রেখে গ্রুম করবে।’
আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ১৯৯৯ সালে পথচলা শুরু হয় টফেলের। ২০০০ সালে প্রথম দাঁড়ান টেস্ট ম্যাচ পরিচালনা করতে। দারুণ দক্ষতা ও ম্যাচ পরিচালনায় মুন্সিয়ানা দেখিয়ে ২০০৩ সালে অন্তর্ভূক্ত হন আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার্সে। সর্বশেষ ২০১২ সালে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি।


